এক মাসেও আইডি কার্ড পাননি জবির নবীন শিক্ষার্থীরা

এক মাসেও আইডি কার্ড পাননি জবির নবীন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাস পেরিয়ে গেলেও এখনও তাদের হাতে পৌঁছায়নি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। এতে করে শিক্ষার্থীরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, একই সঙ্গে নানা বিড়ম্বনায় পড়ছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালের ২২ জুন নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোনো ধরনের আইডি কার্ড হাতে না পাওয়ায় শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে চলাচল, লাইব্রেরি ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রশাসনিক কার্যক্রম, এমনকি বিশ্ববিদ্যালয়ের বাইরেও টিউশনি বা অন্যান্য কাজে শিক্ষার্থী হিসেবে পরিচয় প্রমাণে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিজ্ঞাপন

সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোকছেদুল ইসলাম সিরাজ বলেন, “আমরা প্রায় এক মাস ধরে নিয়মিত ক্লাস করছি। অথচ এখনও আমাদের কোনো আইডি নম্বর দেওয়া হয়নি। লাইব্রেরি থেকে বই নিতে গেলেই প্রশ্নের মুখে পড়তে হয়। এমনকি গত মাসে একটা টিউশনি অফার পেয়েছিলাম, কিন্তু আইডি কার্ড না থাকায় শেষ পর্যন্ত তারা আমাকে নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে আমরা যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, তার দ্রুত সমাধান হওয়া উচিত।”

একই হতাশার সুর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নবীন শিক্ষার্থী এনায়েত উল্লাহ এলিটের কণ্ঠেও শোনা গেল। তিনি বলেন, “আইডি কার্ড একজন শিক্ষার্থীর পরিচয়ের প্রাথমিক স্বীকৃতি। ক্লাস শুরুর এক মাস হলেও আমাদের হাতে একটি কার্ড পর্যন্ত তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয়, এটি দুঃখজনক। মিরপুর থেকে প্রায়ই বাসে যাতায়াত করতে হয়, কিন্তু অর্ধেক ভাড়া দিতে পারছি না। এমনকি নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত আইডি কার্ড প্রদানের দাবি জানাচ্ছি।”

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নিশ্চিতের জন্য আইডি কার্ড শুধু পরিচয়ের মাধ্যম নয়, এটি ব্যবহার হয় বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক সুবিধা পেতে। এ ছাড়া বাহিরে খণ্ডকালীন চাকরি, টিউশনি বা অন্যান্য ক্ষেত্রে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

প্রশাসনের ব্যাখ্যা শিক্ষার্থীদের ভোগান্তি ও ক্ষোভের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে তুলে ধরা হলে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “এখনও কিছু শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়নি। আমাদের পরিকল্পনা ছিল সব শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হওয়ার পর একসঙ্গে আইডি কার্ড দেওয়া। তবে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে আইডি কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের মৌলিক প্রশাসনিক সেবাগুলোতে এই ধরনের গাফিলতি শিক্ষার্থীদের জীবন ও পড়াশোনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতির মতো দ্রুত আইডি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন