ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা আগামী মে মাসে এবং জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বুধবার দুপুর ১২টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়কসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বহু প্রতীক্ষার পরে প্রশাসনের পক্ষ থেকে ডাকসুর টাইমলাইন পাওয়া গেছে উল্লেখ করে বিন ইয়ামিন মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর যে টাইমলাইন দিয়েছে সেখানে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই। আমরা চাই মে মাসেই ডাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, একইসঙ্গে ডাকসু নির্বাচন জুন মাসে অনুষ্ঠিত হোক।
ডাকসু নির্বাচনকে জুলাই গণঅভ্যুত্থানের কমিটমেন্ট অভিহিত করে ইয়ামিন মোল্লা বলেন, জুলাই অভ্যুত্থানের কমিটমেন্ট হলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের নির্বাচন দেওয়া। বিশ্ববিদ্যালয়কে দলীয় লেজুড়বৃত্তিক দাসত্বমূলক রাজনীতি থেকে মুক্ত রাখতে ডাকসু নির্বাচন জরুরি। এসময় ডাকসু নির্বাচনকে ক্যালেন্ডার কর্মসূচি করারও দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা অতীতে দেখেছি ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা হয়েছে নানা ভাবে। ডাকসুর টাইমলাইন ঘোষণা করলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করেন তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন নামতে বাধ্য হবো।
বর্তমানে একটি গোষ্ঠী ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে ইয়ামিন মোল্লা বলেন, একটা গোষ্ঠী ডাকসুকে নিয়ে লম্বা সংস্কারের আলাপ দিচ্ছে। আমরা চাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মৌলিক সংস্কার করুক। যেসব অপরিহার্য সংস্কার সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করুক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

