মেসেঞ্জারে আপত্তিকর চ্যাট করার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জার কথোপকথনের কিছু স্ক্রিনশট প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগের বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির ঘটনার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। তবে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি আমার খালাতো ভাইয়ের সঙ্গে এক বছর আগের ব্যক্তিগত চ্যাটের অংশ। এর সঙ্গে কোনো সাম্প্রতিক ঘটনার সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, আমরা সমবয়সী হওয়ায় দুষ্টুমি করে অনেক কথা বলতাম। ওই কথোপকথনের একটি অংশ এখন সামনে এসেছে। যে মূল অভিযোগ করা হচ্ছে, তার সঙ্গে আমি জড়িত নই। ঘটনাটি ঢাকায় ঘটেছে, তখন আমি সিলেটে ছিলাম।
অব্যাহতির বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। শুধু একটি পুরোনো ব্যক্তিগত মেসেজের ভিত্তিতে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার বলেন, যতটুকু জেনেছি, মেসেঞ্জারের চ্যাটটি তার খালাতো ভাইয়ের সঙ্গে ছিল। অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রকে জানানো হয়। পরে কেন্দ্র যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

