সিরিয়ার সঙ্গে রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শাহবাজ সিরীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রেসিডেন্ট আল-শারার প্রতি শুভেচ্ছা জানান।
এ সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৯ বছর পর কোনো সিরীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করলেন। এর আগে ২০০৭ সালে সর্বশেষ সিরীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়ালিদ আল-মুয়াল্লেম পাকিস্তান সফর করেছিলেন।
শাহবাজ শরিফ সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। গোলান মালভূমি ইস্যুতেও পাকিস্তানের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, পাকিস্তান ও সিরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে। পাশাপাশি সিরিয়ায় যেতে ইচ্ছুক পাকিস্তানি তীর্থযাত্রীদের যাত্রাও সহজ হবে।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি আল-শাইবানির প্রথম পাকিস্তান সফর। বুধবার রাতে দুই দিনের সফরে তিনি ইসলামাবাদে পৌঁছান।
এ ছাড়া তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে যৌথ বিনিয়োগ ফোরাম আয়োজনের প্রস্তাব দেন। পাকিস্তানও সিরিয়ায় বাণিজ্য ও ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানো এবং পাকিস্তান-সিরিয়া যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশন পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করেছে।
দুই দেশ জ্বালানি, পরিবহন, কৃষি, শিল্প, আবাসন, ওষুধশিল্প, বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।
বৈঠকে পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে সরকারি সফরে পাকিস্তান আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান শাহবাজ শরিফ।
গত জুনে একটি পাকিস্তানি প্রতিনিধিদলও সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে আল-শাইবানির সঙ্গে বৈঠক করেছিল।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


