ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পুকুরে একটি লাশ ভাসতে দেখেন শিক্ষার্থীরা। পরে তাদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী ফোন করে জানায় যে হলের পুকুরে একটি লাশ ভাসছে। খবর পেয়ে আমি নিজে এবং অন্যান্য অফিসারদের নিয়ে ঘটনাস্থলে যাই। পুকুরের মাঝখানে লাশটি ভাসতে দেখে আমরা সবার সহযোগিতায় তা পাড়ে নিয়ে আসি।’
তিনি আরো বলেন, ‘লাশটি উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে ইবি মেডিকেলে নেয়া হয় এবং পরবর্তীতে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পরবর্তীতে ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ জানান, ‘এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লারেশনের সুযোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

