রাজধানীর লালবাগ এলাকায় মেসে এক শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পাশের কক্ষের এক নেশাগ্রস্ত ব্যক্তি তালা দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীর নাম তাহের হোসেন নয়ন। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তার বাবার নাম দুলাল মিয়া ও মায়ের নাম তানিয়া বেগম।
আহত শিক্ষার্থীর বন্ধু মাসুদ রানা জানান, ঘটনার খবর পেয়ে কয়েকজন সহপাঠী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাহেরকে উদ্ধার করেন এবং ঢামেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজতে মেসে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় কিছু লোক তাদের ঘিরে ফেলে। এমন পরিস্থিতিতে তারা আইনি সহায়তার জন্য লালবাগ থানায় যান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির বিবরণ অনুযায়ী, ২৩ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মেসের টাকার হিসাব-নিকাশ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কক্ষের দরজা বন্ধ করে তাহের হোসেন নয়নের মাথায় তালা দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত ও রক্তাক্ত হন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি শাস্তির দাবি জানিয়েছেন।
লালবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

