জাবি ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী প্রকাশনা উৎসব

প্রতিনিধি, জাবি

জাবি ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী প্রকাশনা উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রকাশনা উৎসবে বিভিন্ন ধরনের ইসলামি ও কর্মমুখী বইয়ের পাশাপাশি উপস্থিত কুইজ ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। উৎসবকে কেন্দ্র করে প্রকাশনার সামনে ছাত্র ছাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জানা যায়, শিবিরের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন এটাই প্রথম। উৎসবে বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদেরও বই কিনতে দেখা যায়। পাশাপাশি শিবিরের পরিচিতি, কোরআন শরীফ শিক্ষার্থীদের উপহার হিসেবে বিতরণ করতে দেখা যায়।

প্রকাশনা উৎসবের অন্যতম আয়োজক রাকিব হাসান বলেন, "আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিবিরের কর্মসূচি ও প্রকাশনাসমূহের সাথে পরিচিত করা। শিক্ষার্থীদের এমন উৎসাহজনক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ্, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তিসহ আরও বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।"

এই আয়োজন সম্পর্কে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, "জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং শিক্ষা সংস্কার ও বিকাশের জন্য সংগঠনের ঐতিহ্যের আলোকে প্রতিবছরের ন্যায় এবারও প্রকাশনা উৎসব করছে। কেন্দ্রের সহায়তায় সারাদেশে প্রকাশনা উৎসব হচ্ছে। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। শিবির শুধু একটি সংগঠন নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে থাকি। ছাত্রশিবির সমৃদ্ধ, মেধাবী, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের মেধার পরিধি বৃদ্ধি এবং জ্ঞানের রাজ্যে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন