জবিতে গণতান্ত্রিক চেতনায় ‘জকসু কেন ও কিভাবে’ শীর্ষক আলোচনা সভা

জবিতে গণতান্ত্রিক চেতনায় ‘জকসু কেন ও কিভাবে’ শীর্ষক আলোচনা সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার উদ্যোগে 'জকসু কী, কেন ও কিভাবে?' শীর্ষক এক গণতান্ত্রিক আলোচনা সভা আয়োজিত হয়েছে।

বুধবার দুপুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জকসু গঠনতন্ত্রের প্রস্তাবনা জমা দেয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, জকসু না থাকায় শিক্ষার্থীদের আবাসন সংকট, পরিবহণ সমস্যা, শ্রেণিকক্ষের অভাব এবং সাংস্কৃতিক কার্যক্রমের সীমাবদ্ধতার মতো নানাবিধ সমস্যা দীর্ঘদিন ধরে অনুত্তরিত থেকে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকউজ্জামান ফরিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার আহ্বায়ক ইভান তাহসিফ।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, 'জকসু নেই বলেই জবি আজ বঞ্চনার শিকার। এর অভাবে প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে দুর্নীতির সুযোগ নিচ্ছে।' তিনি জকসুকে সকলের প্রাণের দাবি উল্লেখ করে বলেন, 'নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।'

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, 'একটি নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি প্রশাসনের দৃষ্টিতে পড়ে না। অবিলম্বে অবাধ ও সুষ্ঠু জকসু নির্বাচন প্রয়োজন।'

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার আহ্বায়ক ইভান তাহসিফ বলেন, 'আরেকটি একচেটিয়া ছাত্র সংগঠনের জন্ম রুখতে জকসুর বিকল্প নেই। গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীরা নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে অধিকারের পক্ষে সংগ্রাম করতে পারবে।'

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, 'ছাত্র সংসদ নেতৃত্ব তৈরির বড় প্ল্যাটফর্ম। ভবিষ্যতের রাজনীতিবিদদের গড়ে তুলতে এবং মতাদর্শগত সহাবস্থান বজায় রাখতে এটি অপরিহার্য।'

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জকসু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাধারণ শিক্ষার্থীরাও জোর দিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন না হওয়াটা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলেও জবিতে এই প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থগিত।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে ১৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন