ববিতে ফের ভিসিবিরোধী আন্দোলন, কার্যালয়ে তালা

ববিতে ফের ভিসিবিরোধী আন্দোলন, কার্যালয়ে তালা

বেশ কিছু অভিযোগ এনে আবারও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তালা দেওয়া হয় তার কার্যালয়ে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় তারা ছয়টি অভিযোগ উত্থাপন করেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, গত ২৭ নভেম্বর উপাচার্য শুচিতার পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়। ওই সময় শিক্ষার্থীদের তেলা বিভিন্ন দাবি পূরণে এক মাসের সময় দেন তিনি। তবে তা বাস্তবায়নে ব্যর্থ হন ভিসি শুচিতা। এমনকি বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান। এর পরিপ্রেক্ষিতে পুনরায় আন্দোলনে নামেন তারা।

তাদের উত্থাপিত অভিযোগের কয়েকটি হলো- মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মবহির্ভূত আওয়ামী রেজিস্ট্রারকে বহাল রেখে গোপন সিন্ডিকেট সভার আহ্বান। গণঅভ্যুত্থানে হামলা চালানো ছাত্রলীগের আগাম জামিন ও ক্যাম্পাসে নিষিদ্ধ না হওয়া। সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্টদের সপদে বহাল রাখা। ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের অবাধ বিচরণ, মাদক সেবন ও ভাঙচুরের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া।

রসায়ন বিভাগের ১৭-১৮ শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, সিন্ডিকেট সভা থেকে অবৈধভাবে দুজন সদস্যকে বাতিল করেছেন ভিসি। এ কারণে আমরা তার পদত্যাগ চাই। কয়েকদিন আগেও আমরা কিছু শর্ত দিয়েছি। কিন্তু তিনি সেসব পূরণ করেননি।

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. শুচিতা শরমিন। নিয়োগের দুই মাসের মাথায় ফ্যাসিস্টদের সহযোগিতার অভিযোগ এনে তার পদত্যাগ চান শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন