শাবিপ্রবিতে মাতৃত্বকালীন উপস্থিতি ৪০ শতাংশ করার প্রস্তাব উপাচার্যের

শাবিপ্রবিতে মাতৃত্বকালীন উপস্থিতি ৪০ শতাংশ করার প্রস্তাব উপাচার্যের
বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এই মানবিক প্রস্তাব উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

সভায় উপস্থিত সব বিভাগীয় প্রধান সর্বসম্মতভাবে প্রস্তাবটির প্রতি সাধুবাদ জানান এবং সম্মতি প্রকাশ করেন। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি আগামী একাডেমিক কাউন্সিলে উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষার্থীদের একাডেমিক গতিশীলতা বজায় রাখা, উচ্চশিক্ষা এবং সময়মতো কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের গুরুত্ব তুলে ধরেন উপাচার্য।

চলমান সেমিস্টারের ফলাফল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য সব বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন