আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আবিদুল ইসলাম খান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে ইউনূস সেন্টারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউনুস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবিদুল ইসলাম খান। এসময় তিনি চব্বিশের জুলাইয়ের সংগ্রাম নিয়ে নিজের লেখা বইটি ইউনূসের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

বইটি পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রফেসর ইউনূস এবং লেখককে ধন্যবাদ জানান।

সাক্ষাৎ শেষে আবিদুল ইসলাম খান বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে “অপশাসন, স্বৈরশাসন ও মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম।”

তিনি আরও বলেন, “জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়।”

তিনি জানান, রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজের চোখে দেখা উত্তাল সময়ের সাক্ষ্য হিসেবে বইটি তিনি ড. ইউনূসের কাছে তুলে দিয়েছেন।

প্রায় আধা ঘণ্টার এ সাক্ষাতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, “জুলাই কারো একার নয়, জুলাই সবার। তাই একপাক্ষিক বয়ান নয়, সব পক্ষের বয়ান শুনতে হবে। তবেই জুলাইয়ের প্রকৃত ইতিহাস ধারণ করা সম্ভব।”

তিনি আরও বলেন, সকল ভিন্নমতের মাঝেও জুলাই ঐক্যের প্রতীক। গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন