মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করার হুমকি দেওয়ার পর ব্যঙ্গাত্মক জবাব দিয়েছে ইরান। ভারতে ইরানের হায়দারাবাদ কনস্যুলেটের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির একটি মানচিত্র দেখানো হয়েছে এবং কৌশলগত এই জলপথটিকে বৃত্ত দিয়ে চিহ্নিত করে তার নিচে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ কথাটি লেখা রয়েছে। এর মাধ্যমে তিনি যুদ্ধ শেষ হওয়ার পর প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার বিষয়ে তার পূর্ববর্তী মন্তব্যেরই পুনরাবৃত্তি করলেন।
পরে হোয়াইট হাউস মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের পোস্টটি পুনরায় পোস্ট করে।
এর জবাবে, হায়দ্রাবাদে অবস্থিত ইরানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র পোস্ট করা হয়, যেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা ছিল: “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।”
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরই ইরানি কূটনীতিকদের পক্ষ থেকে এই ব্যঙ্গাত্মক মানচিত্র প্রকাশ করা হয়। এর মাধ্যমে মূলত ট্রাম্পের একতরফাভাবে কোনো ভূখণ্ডকে নিজের দেশের অংশ ঘোষণা করার দাবির অসারতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এর আগে শুক্রবার নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, ইরান ‘শোচনীয়ভাবে হারছে’ এবং দেশটিকে পুরোপুরি পরাজিত করার পর তিনি ‘খুব শিগগির’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালি কার্যত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অংশে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র না চাইলে কোনো জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।
তবে ইরান ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, টুইট করে, বিমানবাহী রণতরি পাঠিয়ে কিংবা কোনো আদেশ জারি করে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং থাকবে।’
গারিবাবাদি আরো বলেন, ট্রাম্প যেমন ‘পারস্য উপসাগর’ নামটি সঠিকভাবে লিখেছেন, তেমনি শিগগিরই হরমুজ প্রণালি নিয়ে তার ‘ভ্রান্ত ধারণাও’ সংশোধন করা হবে।
ইরানের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়াকে ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো মানচিত্র প্রকাশের ঘটনাটি মূলত এই বক্তব্যেরই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া। তবে এর পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবিটি বাস্তবে কতটা কার্যকর করা সম্ভব, তা নিয়েও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে।
সূত্র: আনাদোলু
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


