রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
নিয়োগসংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে কী কারণে নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
হঠাৎ করে নিয়োগ বাতিলের ঘটনায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষাঙ্গনে কৌতূহল ও চাঞ্চল্যেরও জন্ম দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

