নিজ পরীক্ষা কেন্দ্র ঢাকার সরকারি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের পরিবর্তে এক পরীক্ষার্থী ভুলবশত শাবিপ্রবি কেন্দ্রে চলে আসেন। শিক্ষার্থীর অভিভাবক নিরুপায় হয়ে শিবিরের সহায়তা কেন্দ্রে গিয়ে বিষয়টি জানান। হেল্পডেস্ক থেকে ভর্তি কমিটির সাথে যোগাযোগ করলে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।
শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের পরীক্ষা চলে বেলা ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত।
এসময় শিক্ষার্থীর অভিভাবক নিরুপায় হয়ে শিবিরের সহায়তা কেন্দ্রে এসে বিষয়টি জানান। শাবিপ্রবি ছাত্রশিবিরের নেতাকর্মীরা ভর্তি কমিটির সাথে যোগাযোগ করে ওই ভর্তিচ্ছুকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থীর অভিভাবক মো. মোস্তাফিজুর রহমান সানু বলেন, ‘আমার মেয়ের কেন্দ্র ছিল ঢাকাতে। ভুলবশত আমরা আজ সকালে সিলেটের শাবিপ্রবিতে চলে আসি। তখন আমি নিরুপায় হয়ে শাবিপ্রবির ছাত্রশিবিরের সহায়তা কেন্দ্রে থাকা নেতাকর্মীদের বিষয়টি জানাই। তখন তারা তাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করেন এবং আমাকে আশ্বস্ত করে জানান আমার মেয়ে এখানেই পরীক্ষা দিতে পারবে।'
তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের সহায়তা কেন্দ্র যদি না থাকতো তাহলে হয়তো আমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। তারা শুধু আমার মেয়েকেই হেল্প করে নাই, তারা সব শিক্ষার্থীকে পানি, কলম ও স্যালাইন সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে এবং অভিভাবকের বসার ব্যবস্থা করে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি।’
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবিশাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ঐ পরীক্ষার্থীর অভিভাবক অসহায় হয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আমরা ভর্তি কমিটির সঙ্গে কথা বলে ভর্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির সব সময় ছাত্রবান্ধব কাজ করে থাকে এবং ছাত্র-ছাত্রীদের কষ্ট লাঘবের চেষ্টা করে, এটা ছাত্রশিবিরের ঐতিহাসিক কাজ।’
এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সে ভুল করে তার নির্ধারিত কেন্দ্র থেকে শাবিপ্রবিতে চলে আসলে আমরা ঐ শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

