২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন মাহিন, ডালিম হোসেন শান্ত ও সফিকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন।
এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা বিভাগসহ বাইরের বিভাগ থেকে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে যারা এসেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা সাংবাদিকতা করেন, তাদের রাষ্ট্রের প্রতি অনেক বড় দায়িত্ব রয়েছে। সাংবাদিকতা করলে প্রথম দিন থেকেই বাস্তব দক্ষতা অর্জন করা যায়। পড়ালেখা শেষে কর্মক্ষেত্রে গেলে সেই দক্ষতার মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করা সম্ভব।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। যারা সাংবাদিকতা শিখতে বা এই পেশায় কাজ করার আগ্রহ রাখে, তাদের সবাইকে রাবি প্রেসক্লাবে এসে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, আমার গর্ববোধ হয়, যখন দেখি আমার শিক্ষার্থীরাই বিভিন্ন সাংবাদিক সংগঠনের নানা দায়িত্ব পালন করছে। আমরা সাংবাদিকতা করব শুধু খবরের পেছনে দৌড়ানোর জন্য নয়; আমাদের সমাজকে চিনতে হবে, রাষ্ট্রকে চিনতে হবে। আমরা যদি কাঙাল হরিনাথকে না চিনি, যদি মোনাজাত উদ্দীনকে না চিনি, তাহলে সাংবাদিকতার শেকড়কেই চিনতে পারব না। তাই তাদের সম্পর্কে জানতে হবে, তাদের নিয়ে আলোচনা করতে হবে এবং তাদের বই ও প্রতিবেদন নিয়ে চর্চা করা উচিত। এই বিশ্ববিদ্যালয়ে নানা বিষয় নিয়ে রিপোর্ট করতে হয়, তাই একজন সাংবাদিকের বিভিন্ন বিষয়ে বিস্তৃত ধারণা থাকা প্রয়োজন।
সমাপনী বক্তব্যে সভাপতি আশিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা একটি অনন্য দক্ষতা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা নিজেদের আগ্রহ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এই স্বেচ্ছাসেবী কাজ করি। সাংবাদিকতা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তবে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবিলা করে আমরা নিজেদের অধিকারও আদায় করি।
তিনি আরও বলেন, আমি চাই তারাই সাংবাদিকতায় আসুক, যাদের সত্যিকারের আগ্রহ রয়েছে এবং যারা এটিকে নিজের ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করে। আজ যারা নবীন বরণে অংশ নিয়েছো, ক্যাম্পাস সাংবাদিকতার এই যাত্রায় আমরা তোমাদের সহযোগী, সহযাত্রী ও সহকর্মী হিসেবে পাশে থাকতে চাই এবং অভিজ্ঞতা বিনিময় করতে চাই।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসানের সঞ্চালনায় সহসভাপতি মারুফ হোসেন মিশন ও মিরাজ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর তুহিন, দপ্তর সম্পাদক আবু বকর অনিক, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহিনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

