পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এই উদ্দেশ্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে (শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন ও অফিসার টাওয়ার) মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিম এবং প্রতিটি পয়েন্টে থাকবেন দুজন করে সশস্ত্র পুলিশ সদস্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিদের এক যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও, সেনাবাহিনীর সহায়তায় ক্যাম্পাস এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় বিভিন্ন আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এরই অংশ হিসেবে নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ জুন পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকল বাহিনীর সহযোগিতায় ঈদুল আযহার ছুটিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্তিপূর্ণ ও নিরাপদ থাকবে।
আগামী ১৫ জুন (রোববার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

