ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ডাকসুর সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাস অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ডাকসুর জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।
সভায় ভিপি সাদিক কায়েম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ডাকসুর ইতিবাচক পরিবর্তনের পেছনে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি শিক্ষার্থীবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর ডাকসু গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
সভা সংশ্লিষ্টরা বলছেন, সভায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হামলায় জড়িতদের হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
পরিবহন ব্যবস্থার উন্নয়নে আগামী সপ্তাহ থেকে শনিবার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাটল বাস সংক্রান্ত অভিযোগ সমাধান এবং আগামী মাসেই অত্যাধুনিক নতুন বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।
আবাসন সংকট নিরসনে হলে অবৈধভাবে অবস্থানকারীদের উচ্ছেদ, প্রতিটি হলে আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত এবং সিট বরাদ্দে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের অগ্রগতি তদারকির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি চালুর অগ্রগতিও আলোচনায় এসেছে।
শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন এবং একজন করে অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যা উপাচার্য নীতিগতভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতি দ্রুত চালুর দাবিও উত্থাপন করা হয়, যার প্রতি উপাচার্য ইতিবাচক সাড়া দিয়েছেন।
ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নে সেন্ট্রাল লাইব্রেরির নিরাপত্তা জোরদার, সাইকেল স্ট্যান্ড নির্মাণ, লাইব্রেরির এসি রক্ষণাবেক্ষণ, কলাভবনে লিফট বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ লিফট সংস্কার, কার্জন হল ও মোকাররম ভবনে সুপেয় পানির ব্যবস্থা এবং ফটোকপি সুবিধা চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে রিকশা নিয়ন্ত্রণ, প্রবেশদ্বারে জনবল নিয়োগ এবং ডিজিটাল গেট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণেও গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়নে হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপনের অগ্রগতি ত্বরান্বিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম আগামী মাসে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে অনাবাসিক নারী শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার, আন্তঃহল যাতায়াতের সুযোগ বৃদ্ধি, বিভাগগুলোতে ব্রেইল সাইন স্থাপন এবং লিফটে টকিং সাউন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকা ই-লাইব্রেরি পুনরায় চালু, কেন্দ্রীয় মসজিদের এসির বিদ্যুৎ সংযোগ সম্পন্ন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে চীন-বাংলাদেশ হল নির্মাণ প্রকল্প অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং দ্রুত নির্মাণকাজ শুরুর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এছাড়া বহুসাংস্কৃতিক চর্চা জোরদারে বিজু, বৈসু, বিষু ও সাংগ্রাই উপলক্ষে প্রতি বছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সর্বজনীন ছুটি ঘোষণার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছুটির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ব্যবস্থাপনা উন্নয়ন এবং বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের খাদ্যসংক্রান্ত চাহিদা বিবেচনায় পৃথক ক্যান্টিন ব্যবস্থার প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়।
সভায় ডাকসুর বিভিন্ন সম্পাদক ও সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

