চট্টগ্রামের আনোয়ারায় মার্কেট দখল ও বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাতরী চৌমুহনী কাঁচাবাজারের ‘হাজী এ আলী হোসেন মার্কেট’র সামনে এ ঘটনা ঘটে। এতে এক এনসিপি নেতাসহ ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক দেলোয়ার হোসেন এবং হাজী এ আলী হোসেন মার্কেটের ব্যবসায়ী সুমন গুরুতর আহত হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী কাঁচাবাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সের মালিকানা ও পরিচালনা নিয়ে ব্যবসায়ী ও মালিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে মালিকপক্ষ এক বিএনপি নেতাকে মার্কেট নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে। অন্যদিকে সম্প্রতি ব্যবসায়ীরা মালিক পক্ষের অমতে জোরপূর্বক মার্কেটে ঢুকে দোকান খুলে ব্যবসা শুরু করেন।
শনিবার দুপুরে মালিক পক্ষ ও বিএনপি নেতাকর্মীরা মার্কেটের সামনের চলাচলের মূল পথ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরবর্তীতে ব্যবসায়ীরা এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সেই টিনের বেড়া অপসারণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
হাজী এ আলী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আলী আজগর বলেন, আমরা কয়েক মাস ধরে দোকান খুলে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। শনিবার দুপুরে হঠাৎ মালিক পক্ষের লোকজন কিছু বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমাদের মার্কেটে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা সেই বেড়া সরাতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মার্কেটের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

