বাংলাদেশ-চীনের সামুদ্রিক সহযোগিতা জোরদারে এমওইউ স্বাক্ষর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাংলাদেশ-চীনের সামুদ্রিক সহযোগিতা জোরদারে এমওইউ স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির (এসসিএসআইও) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল ২০২৬) চীনের নানশা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় এবং যৌথ বৈজ্ঞানিক উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির মহাপরিচালক অধ্যাপক চাওলুন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির স্টেট কি ল্যাবরেটরি অব ওশেনোগ্রাফির পরিচালক অধ্যাপক ইয়ান ডু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স (আইসিওজি) এবং এসসিএসআইও’র স্টেট কি ল্যাবরেটরি অব ওশেনোগ্রাফির যৌথ উদ্যোগে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে।

এই সহযোগিতার আওতায় সমুদ্র সঞ্চালন, জলবায়ু পরিবর্তনশীলতা, সামুদ্রিক বাস্তুতন্ত্র, উপকূলীয় স্থিতিস্থাপকতা এবং ব্লু ইকোনমি গভর্নেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ক্রান্তীয় সামুদ্রিক পরিবেশ এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে বৈশ্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে চীন সফর করছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং আইসিওজি’র পরিচালক ড. কে এম আজম চৌধুরী।

চীন সফরকালে প্রতিনিধিদলটি ‘আকস্মিক পরিবর্তন ও সন্ধিক্ষণ’ শীর্ষক ১৩তম আন্তর্জাতিক ক্রান্তীয় সামুদ্রিক পরিবেশগত পরিবর্তন সম্মেলন (এমইসি) এবং ৬ষ্ঠ ক্লাইভার ক্লাইমেট ডাইনামিক্স প্যানেল (সিডিপি) বার্ষিক কর্মশালায় অংশগ্রহণ করে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশের মতো একটি ব-দ্বীপীয় দেশের জন্য সমুদ্রভিত্তিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জাতীয় অগ্রাধিকারের একটি বিষয়। টেকসই উন্নয়ন অর্জনে সুপরিকল্পিত ও আন্তঃশাস্ত্রীয় বৈজ্ঞানিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্টদের আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পৃথিবীর ভূ-ব্যবস্থা সমুদ্র ও বায়ুমণ্ডলের মধ্যে কোনো কৃত্রিম সীমারেখা মানে না। তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরও একীভূত ও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এসসিএসআইও’র সঙ্গে দীর্ঘমেয়াদি জ্ঞান বিনিময় ও গবেষণা সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রত্যাশা ব্যক্ত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...