ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে আরও স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ducsu

তফশিল অনুযায়ী, ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৬ আগস্ট পর্যন্ত এ তালিকার ওপর আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং জমার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ আগস্ট, প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রেই হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সিনেট কক্ষে।

ছয়টি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ:

১. কার্জন হল (পরীক্ষার হল): এখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবে।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের কেন্দ্র।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য।

৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র।

৫. সিনেট ভবন (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র।

এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সে নির্বাচন নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছিল। এবারের নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে প্রস্তুতির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন