ভোলার দৌলতখানে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে সোহাগের সাত দিনেও কোনো খোঁজ মেলেনি। সোহাগ উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে ইসমাইল হোসেন মাঝির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ভবানীপুর এলাকার হাবিবুর রহমান হাবু চেয়ারম্যানের মাছঘাট থেকে সোহাগ ও তার তিন ভাই বাবার সঙ্গে একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বোরহানউদ্দিন উপজেলার মেঘনার হাকিমুদ্দিন-মির্জাকালু লঞ্চঘাট বরাবর পূর্ব দিকে ‘ছালুর চর’সংলগ্ন এলাকায় পৌঁছালে চলন্ত ট্রলার থেকে হঠাৎ সোহাগ নদীতে পড়ে যায়। এ সময় ট্রলারে থাকা তার বাবা তাকে উদ্ধারের জন্য দ্রুত নদীতে ঝাঁপ দিলেও কোনো হদিস পাননি। মুহূর্তের মধ্যেই মেঘনার তীব্র স্রোতে সে তলিয়ে যায়।
ঘটনার সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। সোহাগকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে মেঘনাপাড়ের জেলেপল্লিতে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ সোহাগের সন্ধান চেয়ে মেঘনায় নৌকা ও ট্রলারে মাইকিং করা হচ্ছে।
নিখোঁজ সোহাগের মামা ইসমাইল হোসেন জানান, গত সাত দিন ধরে তারা মেঘনার বিভিন্ন ডুবোচরসহ নদীর আশপাশের এলাকায় খুঁজে বেড়াচ্ছেন। এমনকি চরফ্যাশনের বেতুয়া ও মনপুরায়ও খোঁজ নেওয়া হচ্ছে।
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজ সোহাগের সন্ধান পেতে সব থানায় তথ্য ও মেসেজ পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

