হিলি প্রেসক্লাবের দায়িত্বে গোলাম রাব্বানী-সোহেল রানা

হিলি প্রেসক্লাবের দায়িত্বে গোলাম রাব্বানী-সোহেল রানা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধি মো. গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক পদে এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক পদে সোহেল রানা নির্বাচিত হওয়ার পাশাপাশি কমিটির অন্যান্য পদেও প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন সারাবাংলার হিলি প্রতিনিধি হাসান আলী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত স্বদেশের হিলি প্রতিনিধি আলী মর্তুজা। কোষাধ্যক্ষ হয়েছেন বিজয় টেলিভিশনের হিলি প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে গ্লোবাল টেলিভিশনের হিলি প্রতিনিধি মো. লুৎফর রহমান, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক জিরো পয়েন্টের জনী শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সকালের শিরোনামের হিলি প্রতিনিধি সেলিম মীর নির্বাচিত হয়েছেন।

সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে লালমনিরহাট অনলাইনের প্রতিনিধি মো. আবিদ হোসেন এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক ঘোষণার হিলি প্রতিনিধি তহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ। সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে হিলি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার কথা জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন