রাজবাড়ীর গোয়ালন্দে দিন-দুপুরে নিজ শয়ন কক্ষে মো. ফারুক শেখ (৪৬) নামে এক যুবককে নৃশংস ভাবে গলা ও হাত কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ড পৌর জামতলা ইসহাক মিয়ার পাড়ার মো. আব্দুল খালেক শেখের ছেলে।
শনিবার দুপুরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।
শনিবার বেলা ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত ফারুক শেখের শয়ন কক্ষের মেঝোতে তার দুই হাত বিচ্ছিন্ন এবং গলা কাটা রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কক্ষের দরজা খোলা ছিল। নিহতের ভাই মো. আব্দুল বারেক শেখ জানান, তারা ৩ ভাই মিলে দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান পরিচালনা করেন। তিনিও বাড়িতেই ছিলেন। দুপুর ১টার দিকে তিনি ফারুকের সাথে কথা বলে দোকানে যান। এরপর তাদের অন্য বাড়ী থেকে তার আরেক ভাই মো. ফরিদ শেখ খাবার নিয়ে বাড়িতে এসে ফারুকের ঘরে গিয়ে তার রক্তাক্ত মৃত লাশ দেখতে পান।
তিনি আরো জানান, তার ভাই ফারুক অন্তত ৬টি বিয়ে করেছে। কিন্তু একজনও তার সাথে বাড়িতে থাকে না। কিছুদিন আগে ফারুকের ২য় স্ত্রী তার এক বন্ধুর সাথে চলে গেছে। ফারুক বাড়িতে বন্ধুদের নিয়ে এসে দাবা খেলার অভ্যাস ছিল। এছাড়া ফারুকের কোন শত্রু আছে বলে আমাদের জানা নেই।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ফারুক নামের ওই ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করে মৃতদেহ ফেলে রাখা অবস্থায় দেখতে পাই। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ক্রাইম সিন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসছেন বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

