জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

প্রতিনিধি, জবি

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবির তাদের কর্মীদের পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে সাংগঠনিক ও নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চেয়েছে বলেও দাবি করেন তারা।

এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্পষ্ট জানিয়ে দিতে চায় যে যারা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করবে তারাই রাজনীতি করবে। কারও গুপ্তভাবে রাজনীতি করার অধিকার নেই। ছাত্রদল সবসময় সকল আন্দোলনে সামনে সারিতে থেকে কাজ করেছে। যে কুলাঙ্গার ছাত্রশিবিরের নেতা মেয়েদের যৌন হয়রানি করেছে অবিলম্বে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিনীত অনুরোধ করছে তাকে বহিষ্কার করার জন্য।

ভুক্তভোগী শিক্ষার্থীদের বরাতে বক্তারা জানান, অভিযুক্ত শিক্ষার্থী একাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে তা ভেঙে দিয়েছেন। অন্তত তিনজন শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, ‘হানি ট্র্যাপ’ (প্রতারণামূলক কৌশল) ব্যবহার করে শিক্ষার্থীদের প্রভাবিত করার ঘটনাও ঘটেছে, যা উদ্বেগজনক।

মানববন্ধন থেকে বক্তারা ক্যাম্পাসে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিবিরের সব কর্মীর তালিকা প্রকাশের দাবি জানান। পাশাপাশি তারা বলেন, কোনো সংগঠনের কর্মী অপরাধে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে।

এসময় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আজ যারা শিবির পরিচয়ে ঘুরছে তারা আসলে ছাত্রলীগ ছিল। এরা মূলত হল বানিজ্য, শ্লীলতাহানি ও সকল অপকর্মের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব গুপ্ত রাজনীতির বিচারের দাবি জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন