বামপন্থিদের সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদ ছাত্রশিবিরের

বামপন্থিদের সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদ ছাত্রশিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর “সন্ত্রাসী ও হত্যা সংকেত পূর্ণ স্লোগান”- এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির সাবেক নেতা এটিএম আজহারের খালাস পাওয়ার প্রেক্ষিতে বামপন্থিরা যে বিক্ষোভ করেছে, সেটিকে ‘পুরোনো ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি’ হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ এবং সেক্রেটারি মহিউদ্দীন খান বলেন, “বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল থেকে ‘বাঁশের লাঠি মিছিল হবে, শিবির তোমার মৃত্যু হবে’ - এমন স্পষ্ট সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। যা গণতান্ত্রিক ক্যাম্পাস সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যার বৈধতা তৈরি করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।”

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়- গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এই প্রেক্ষাপটে বামপন্থিদের সন্ত্রাসী স্লোগান ও উসকানিমূলক বিক্ষোভ আসন্ন ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ও বুধবার রাতে অনুষ্ঠিত বাম সংগঠনগুলোর মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিয়ে প্রত্যাখ্যান করেছে। ছাত্রশিবির দাবি করে, শিক্ষার্থীদের এই প্রতিক্রিয়া প্রমাণ করে ক্যাম্পাসে উসকানিমূলক রাজনীতির কোনো স্থান নেই।

তারা আরও বলেন, “দুঃখজনকভাবে বাম সংগঠনগুলোর এই বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকর্মীকেও, যারা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যা ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ বিনষ্ট করতে পারে।”

ছাত্রশিবির মনে করে, এ ধরনের বিক্ষোভের পেছনে একটি সুগভীর ষড়যন্ত্র রয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এগিয়ে চলা ডাকসু নির্বাচন প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়, দ্রুত ডাকসু নির্বাচনের কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন