আইন বিভাগের উদ্যোগে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ল ক্লাব উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ক্লাব উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামিম আরা হাসান। তিনি ক্লাব সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি হবে একটি ভবিষ্যৎমুখী ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও আইন বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্য শেষে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি ল ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান (সবুজ), অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ এ. মাবুদ, প্রফেসর মো. আল-আমিন মোল্লা, অধ্যাপক ড. এ. এস. এম. তারিক ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শারমীন জাহান রুনা। তিনি ক্লাবের সভাপতি হিসেবে আবু সালিম তৌহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী আবু বক্কর জনি-এর নাম ঘোষণা করেন।
আয়োজনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, আইন শিক্ষায় এর ভূমিকা এবং শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

