ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের নামে অপপ্রচার চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ফেসবুক পেইজ ‘ক্রিমিনালস ডিউ'। তবে এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে ভুক্তভোগী শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ।
বুধবার ঢাবি শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে ‘ক্রিমিনালস ডিউ’ নামক ফেসবুক পেইজ থেকে আব্দুল্লাহ আল মাহমুদকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক বলে প্রচার করা হয়।
পেইজটি থেকে এই তথ্য প্রচারের পর শিবিরের ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ঢাবি শিবিরের আব্দুল্লাহ আল মাহমুদ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন না। ছাত্রলীগের আব্দুল্লাহ আল মাহমুদ আর ঢাবি শিবিরের নবগঠিত কমিটিতে তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এক ব্যক্তি নন, তারা দুজন আলাদা ব্যক্তি।
ভুক্তভোগী শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে ফেসবুক পেইজে প্রকাশিত ছাত্রলীগের আব্দুল্লাহ আল মাহমুদ ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
এবিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ২০১২ সাল থেকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত আছি। হলে থাকলে ছাত্রলীগ করতে হবে একারণে আমি এতদিন হলেই ছিলাম না। একটি গোষ্ঠী ছাত্রশিবিরের সুন্দর ইম্প্রেশনকে নষ্ট করার জন্য সবসময় পেছনে পড়ে থাকে। আমি মনে করছি এই কাজটি তারাই উদ্দেশ্যমূলকভাবে করছে।
তিনি আরও বলেন, ‘ক্রিমিনালস ডিউ’ পেইজের ব্যাপারে আগেও এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। আমি দুএকদিনের মধ্যেই এই ফেসবুক পেইজটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
প্রসঙ্গত, ‘ক্রিমিনালস ডিউ’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক একটি প্রোপাগাণ্ডা পেইজ। এর আগেও পেইজটির বিরুদ্ধে অপপ্রচার ও মানহানীসহ নানা অভিযোগ উঠেছে। ২৩ জানুয়ারি সকালে এই পেইজটির পাশাপাশি ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ নামক ফেসবুক পেইজের বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

