জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি সামাজিক যোগাযোগ-মাধ্যমে এক পোস্টে সহিংসতার উদাহরণ টেনে ছাত্রলীগকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন।
বই চুরির ঘটনায় সাংবাদিককে হুমকি দেওয়া ও ছাত্রলীগের পিটুনি সংস্কৃতিকে সমর্থন করার পর এবার তিনি স্বামী-স্ত্রীর পারিবারিক সহিংসতার গল্প টেনে এনে এক ফেসবুক পোস্টে লিখেন “এক মহিলার স্বামী খারাপ ছিল, সে তার স্ত্রীকে ধইরা ধইরা পিটাইতো। মহিলা বাপের বাড়ি গিয়ে উঠলো, স্বামীর বদনাম করতে লাগলো। কয়েক দিন পর ভাই অসহ্য হয়ে বলল তোর জন্য ঐ স্বামীই ভালো ছিল, যে তোরে ধইরা ধইরা পিটাইতো।’
এরপর নিজেই মন্তব্যের উত্তর দিয়ে প্রভোস্ট লেখেন, স্বামী ভালো ছিল? না। স্ত্রী ভালো ছিল? না। তাহলে কি ছিল? যেমন কুকুর, তেমন মুগুর।
তার এই স্ট্যাটাসকে অনেকেই ছাত্রলীগকে ঘিরে চলমান বিতর্ককে আড়াল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। শিক্ষার্থী-শিক্ষক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ-মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, একজন প্রভোস্ট কীভাবে সহিংসতা ও দমননীতিকে উদাহরণ হিসেবে দাঁড় করান? তিনি কি শিক্ষার্থীদের নৈতিকতা শেখাবেন, নাকি পিটুনির সংস্কৃতিকে বৈধতা দেবেন?
এর আগে জাতীয় একটি পত্রিকায় ছাত্রী হলে বই চুরির ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সাংবাদিক ফাতেমা আলীকে উদ্দেশ্য করে আঞ্জুমান আরা বলেছিলেন, “আগে ছাত্রলীগ ছিলও না? তারাই ভালো ছিলও ধরে ধরে পিটাইতো, ঐটাই ঠিক ছিল।” শুধু তাই নয়, রাত ১২টার সময় ওই সাংবাদিককে শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার নোটিশও পাঠান তিনি।
প্রভোস্টের এসব আচরণের নিন্দা জানিয়েছে বিভিন্ন ছাত্র-সংগঠন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, বই চুরির ঘটনায় যেখানে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেখানে প্রভোস্ট উল্টো সাংবাদিককে হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ প্রশাসনিক দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অন্যদিকে জবি ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, একজন প্রভোস্টের মুখে এমন হুমকি ও সহিংসতার প্রশংসা নিন্দনীয়। এতে বোঝা যায় তিনি বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখার পরিবর্তে রাজনৈতিক দমননীতিকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা এর বিচার দাবি করছি।
শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, আঞ্জুমান আরার ধারাবাহিক বিতর্কিত বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


