জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, অর্থনীতি বিভাগের ২১ ব্যচের শিক্ষার্থী মাদুদ ও লোক প্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন, ১৫ তম আবর্তনের বাংলা বিভাগের ইমরান হোসেন ইমন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড আজম খান জানান, দুই গ্রুপের নাম জানিনা তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি এখন মোটামুটি কামডাউন। এখন একটু শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয় নাই মানে উল্লেখ করার মত কেউ আহত হয় নাই টুকটাক হয়তো লেগেছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ বিষয়ে পাঠচক্র আয়োজন করেন সদস্য সচিব শামসুল আরোফিন।

এর প্রেক্ষিতে ফেসবুকে তীব্র সমালোচনা করে পোস্ট দেয় যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক। সেখানে তিনি লেখেন, “একটা পাডা কতগুলো ছাত্রলীগ, শিবির আর হাইব্রিড নিয়ে ধাপ্পাবাজির ক্লাস খুলছে। যেখানে ওর মতো গরু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাডা কথা বলতে বলতে দাঁড়ানো অবস্থা থেকে প্রায় মাটিতে শুয়ে পরে। জাস্ট লাইক এ্যা জোকার..!! তুমি না হয় এরওর পা টিপে সামহাউ কিছু একটা হইছো। তুমি যেই ভেড়ার ১২-১৩ জনের পাল তৈরি করেছো- ওখানে আলো ছড়াবে এমন কাউকে দেখছি না..!! সব ধূলোয় অন্ধকার হাইব্রিড, লীগ আর শিবির।

সতর্কবার্তা-

ভাইয়া চরিত্র বদলাও, না হলে বদলে দেওয়া হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণের কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিস দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন