ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেডিএসডি)। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১৮ আগস্ট) বিকেলে সংগঠনটি জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগপত্র দায়ের করেছে।
ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়, ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে একদল শিক্ষার্থী মব সৃষ্টি করে তাঁদের উপর হামলার চেষ্টা চালায় এবং ফরম সংগ্রহে বাধা দেয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। ফলে ভুক্তভোগী শিক্ষার্থীরা ফরম সংগ্রহ করতে না পেরে হলে থেকে বের হয়ে আসতে বাধ্য হন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, “প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা এবং নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সার্বিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।”
সংবাদ সম্মেলনে ছাত্রদল ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

