ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করা হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বরে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ সম্প্রচার করা হবে।
বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলা প্রদর্শন নিয়ে শুরুতে প্রশাসনের অনুমতি না থাকায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত অনুমতি মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর সহক্রিয়া সম্পাদক আবু সাইদ নুন।
এর আগে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ঘোষণা দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জোহা চত্বরে বড় এলইডি স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের সিদ্ধান্ত জানায়।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, এবার বিশ্বকাপ ফাইনাল বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে দেখানো হবে। রাকসু স্টেডিয়ামে, ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জোহা চত্বর হয়ে প্যারিস রোড এলাকায় বড় পর্দায় খেলা প্রদর্শনের ব্যবস্থা করেছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা থাকবে এবং শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হচ্ছে। বহিরাগতদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

