গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী ছাত্রদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও ক্যাফেটেরিয়ার সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের জবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। এ সময় সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে বক্তব্যে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুই একটি পরিবেশবান্ধব উদ্যোগ নয়, এটি শহীদদের স্মরণে আমাদের দায়বদ্ধতা প্রকাশের একটি প্রতীকী প্রয়াস। যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোট ও অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন। ছাত্রদল সবসময় শহীদদের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশের সংকটকালে আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখে আসছে।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় রাজনীতিতে একটি গৌরবময় অধ্যায়। সেই সময়ের ছাত্রসমাজের ত্যাগ, সাহস ও দেশপ্রেম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার এক নিদর্শন।
ছাত্রদল শাখার সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, যে শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের মশাল জ্বালিয়েছেন, আমরা তাদের ভুলিনি। তাদের সেই আত্মত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। গাছের মতোই শহীদদের আদর্শ যেন এই ক্যাম্পাসে শেকড় গেড়ে টিকে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।
নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা শহীদদের স্মরণে একটি স্থায়ী বার্তা রেখে যেতে চান। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও গণতন্ত্রের সংকটে ছাত্রদল ভবিষ্যতেও প্রতিবাদ, প্রতিরোধ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকবে বলে জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

