জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাসে যাতায়াতকারী নবীন শিক্ষার্থীদের হয়রানি রোধে তথাকথিত ‘বাস কমিটি’র বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসে সিনিয়র শিক্ষার্থী বা বাস কমিটির নামে প্রভাব খাটিয়ে কোনো ধরনের হেনস্তা করা হলে তা সরাসরি 'র্যাগিং' হিসেবে গণ্য করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কড়া বার্তা দিয়েছে জবি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়।
পরিবহন দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ মে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের আগমন ও ক্লাস শুরু হয়েছে। এই নবীন শিক্ষার্থীরা যেন বাসে যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের ভীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন, সেটি নিশ্চিত করতেই প্রশাসন এই আগাম সতর্কতামূলক উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, "নবীন শিক্ষার্থীদের ওপর কোনো সিনিয়র শিক্ষার্থী অথবা তথাকথিত বাস কমিটির প্রভাব খাটিয়ে যদি বিভিন্নভাবে হেনস্তা করা হয়, তবে তা র্যাগিংয়ের পর্যায়ে পড়ে। যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।"
অপরাধ প্রমাণিত হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনো কার্যক্রম অর্থাৎ র্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্যের নির্দেশক্রমে জারি করা এ বিজ্ঞপ্তির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় নবীনদের জন্য একটি নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। প্রশাসনের এই সময়োপযোগী ও কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

