আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি পরিবেশিত হয়।
আয়োজকরা বলেন, এই প্রযোজনার মাধ্যমে তারা একটি ‘অস্বস্তিকর কিন্তু বাস্তব’ সত্য দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছেন।
নাটকের শুরুতেই ‘চল মিনি আসাম যাবো, দেশে বড় দুখ রে’ গানটির মাধ্যমে চা-শ্রমিকদের ইতিহাস ও দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপট তুলে ধরা হয়। পরবর্তীতে কাহিনির বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের প্রতিদিনের কঠোর সংগ্রাম, অপ্রতুল মজুরি, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষাবঞ্চনা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দাসত্বসদৃশ জীবনযাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়।
নাটকের মাঝামাঝি সময়ে ‘মালিক সম্প্রদায়’-এর প্রতীকী চরিত্রের উপস্থিতির মাধ্যমে চা-বাগানের শ্রমিকদের ওপর চলমান নিপীড়ন ও শোষণব্যবস্থাকে দৃশ্যমান করা হয়। পুরো নাটকজুড়ে সংলাপ, সংগীত ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে শ্রমিকদের জীবনসংগ্রামকে জীবন্ত করে তুলেন শিল্পীরা।
নাটকটি শেষ হয় ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী, এখানে থেমো না’ গানটির মাধ্যমে, যা সংগ্রাম চালিয়ে যাওয়ার বার্তা বহন করে।
নাটকটির লেখক ও নির্দেশক মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, দেশের অন্যতম পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চা-শ্রমিকরা এখনো ন্যূনতম মানবিক জীবন থেকেও বঞ্চিত।
তিনি বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার- সব ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। আমরা সংস্কৃতির মানুষ হিসেবে প্রশ্ন তুলতে চাই, আর সেই প্রশ্নের উত্তর রাষ্ট্র ও সমাজকেই দিতে হবে।’
নাটকের মাধ্যমে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেশ কিছু দাবি তুলে ধরেন আয়োজকরা। এসব দাবির মধ্যে রয়েছে, ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রণয়ন, প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য নিরাপদ মাতৃত্বকালীন সুবিধা চালু করা, চা-বাগানের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শ্রমিকদের পূর্ণ নাগরিক অধিকার ও জমির মালিকানা নিশ্চিত করা।
অভিনয়ে অংশ নেওয়া ওহিদুজ্জামান টনি বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কোনো দয়া বা সহানুভূতির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
পথনাটকটিতে আরো অভিনয় করেন নিলয় বালা, আফরীনা আবতাহি আতীশা, তাসনিয়াদ শাওলিন, নাহিদ আলম ও তাসকিন খাঁন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

