বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানকে বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের সমাজ এমনিতেই সংকুচিত। বিশ্ববিদ্যালয়গুলো যদি আরও সংকুচিত হয়ে যায়, তাহলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব।”
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণতান্ত্রিক সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভিসি, আপনাকে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দেখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে সব মত ও দলের সহাবস্থান থাকবে। নিয়মের মধ্যে থেকে সবাই তাদের মতপ্রকাশ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা জুলাই আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনা, জীবনমান ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়গুলো শক্তিশালী না হলে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।”
গত ১৬ বছরে দেশের শিক্ষা খাত ও বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ও শিক্ষাখাতকে দুর্বল করে দেশের সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “আপনারাও সহযোগিতা করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

