জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা ও মহানগর শাখা।
বুধবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রেসক্লাব, পায়রা চত্বর, সিটি বাজার ও জুলাই চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও দলীয় পতাকা দেখা যায়। তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সদস্য লিঠন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান হোসেন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ চৌধুরী, আর রাফিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
নেতারা আরও বলেন, দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এদিকে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে পৃথক কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। সংগঠনের মহানগর শাখার উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নূর হাসান সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিকে কেন্দ্র করে রংপুর নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

