হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক অপর দুইজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকি।
সোমবার বিকেলে জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আয়োজকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সংকট নিরসনের দাবিতে ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
তবে মিছিল শুরু হওয়ার আগেই তিনজনকে আটক করায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আটকের বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, “অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।”
আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

