রাবিতে শুরু হচ্ছে ৭ দেশের ৫ শতাধিক গবেষকের আন্তর্জাতিক সম্মেলন

রাবিতে শুরু হচ্ছে ৭ দেশের ৫ শতাধিক গবেষকের আন্তর্জাতিক সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ১২ সেপ্টেম্বর শুরু হবে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন '3rd International Conference on Building Inclusive Futures: Society, Development and Governance in the 21st Century।' সম্মেলনের প্রথম দিনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও দ্বিতীয় দিন সিরাজী ভবনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক এক্রাম উল্যাহ।

সংবাদ সম্মেলনে অনুষদের ডিন এক্রাম উল্যাহ বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ দিক-নির্দেশনা কী হতে পারে, মূলত সেই উপলক্ষেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে সাতটি দেশের প্রায় পাঁচ শতাধিক গবেষক-স্কলার, এনজিও কর্মকর্তা এবং বিশেষ করে জার্মান সরকারের পরিচালিত জিআইজেড-এর প্রতিনিধিরা।

তিনি আরো বলেন, পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও যোগ দিতে পারেন। নেপাল থেকেও কয়েকজন আসার কথা ছিল, তবে দেশটির চলমান অবস্থার কারণে তারা হয়ত আসতে পারবেন না। এছাড়া ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য উপস্থিত থাকবেন, যিনি আমাদের প্রধান আকর্ষণ।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং মার্টিনা লাইবারম্যান (জিআইজেড বাংলাদেশ)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ) প্রফেসর জোসেফ ডিভাইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন