জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন বৃত্তি গ্রহণের সুবিধার্থে ক্যাম্পাসে ব্যাংক হিসাব খোলার কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বিভিন্ন ছাত্র সংগঠন এবং জেলা কল্যাণ সমিতির উদ্যোগে এসব বুথ বসানো হয়। এর ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসেই সহজে ও দ্রুত ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছেন।
জকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে যমুনা ব্যাংক, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে পূবালী ব্যাংক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে জনতা ব্যাংক এবং ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক বুথ স্থাপন করা হয়েছে।
জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য ‘ব্যাংক হিসাব খোলা সেবা’ শীর্ষক এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা ক্যাম্পাসেই ঝামেলামুক্তভাবে হিসাব খুলতে পারে। এর মাধ্যমে আবাসন ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণে কোনো জটিলতা থাকবে না।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অনেক শিক্ষার্থীর ব্যাংক হিসাব না থাকায় তারা ভোগান্তিতে পড়ছিলেন। তাই যমুনা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পাসেই এ সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীরা কোনো প্রাথমিক জমা বা রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই বিনামূল্যে হিসাব খুলতে পারছেন এবং এক বছরের জন্য ডেবিট কার্ডের সেবাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
যমুনা ব্যাংকের কর্মকর্তা পার্থ প্রতিম সাহা জানান, শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি ছবি নিয়ে সহজেই হিসাব খুলতে পারছেন। ইতোমধ্যে কয়েকশ শিক্ষার্থী এ সেবা গ্রহণ করেছেন এবং কার্যক্রম কয়েক দিন চলমান থাকবে।
বাংলাদেশ শাখা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরিবর্তে ক্যাম্পাসেই সহজে হিসাব খোলার সুযোগ তৈরি করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহ্বায়ক মো. সজিব মিয়া বলেন, বিশেষ বৃত্তির জন্য ব্যাংক হিসাব বাধ্যতামূলক হওয়ায় অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ছিলেন। তাই জনতা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পাসেই এই সেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

