যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। একই ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
বুধবার টিএইচই-এর ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রকাশ করা হয়। এবারের তালিকায় ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে জাবিসহ চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরপর ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১–১৪০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১–১৬০০ ব্যান্ডে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এছাড়া ১৮০১–২০০০ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
পাঁচ ক্ষেত্রে মূল্যায়ন
টিএইচই-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নে শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প খাত এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি; এই পাঁচটি প্রধান ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়। এসব ক্ষেত্রের অধীনে একাধিক পারফরম্যান্স সূচকের ভিত্তিতে সামগ্রিক মূল্যায়ন করা হয়।
এবারের র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তথ্য জমা দিলেও র্যাংকিংয়ে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় আরও কয়েকটি প্রতিষ্ঠান ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। টিএইচই-এর নিয়ম অনুযায়ী, ‘রিপোর্টার’ প্রতিষ্ঠানগুলো মূল র্যাংকিংয়ের অংশ নয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮০১–১০০০ ব্যান্ডে জায়গা পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
উপাচার্য জানান, শিক্ষা ও গবেষণার মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন গবেষণা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে। ভবিষ্যতেও এই প্রণোদনা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

