খুলনার যুবদল নেতাকে রগ কেটে হত্যাই প্রমাণ করে দিয়েছে আসলে এই কাজ কে করেছে। খুনিরা এখন ঢাকার আকাশে বাতাসে চাঁদাবাজ বলে চিৎকার করছে। এটা আসলে তাদেরই পরিকল্পনার ফল। এখন তারা যুবদল, ছাত্রদলের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঢাকার ও খুলনার দৌলতপুরে খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে তারা অশ্লীল ভাষায় গালাগালি করছে আসলে তাদের জন্মের ঠিক নেই। ছাত্রদল রুখে দাঁড়ায় তাহলে ‘গুপ্তবাহিনী’ এদেশে পালানোর জায়গা পাবে না।’
এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন ৫ আগস্টের পরে দেশের ইন্টেরিম সরকারের আইনশৃঙ্খলার অবনতির কারণে যেকোনো জায়গায় একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। তাই আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে চাই–এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ না নিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে দাবি আদায় করে নিয়ে আসবে।
তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়ে আপনারা যে মিথ্যাচার এবং মব সৃষ্টি করতে চাচ্ছেন মানুষ এসব বোঝে। এর আগেও অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, তখন তো আপনাদের কাউকে রাজপথে দেখা যায়নি। পরিশেষে বলতে চাই রাজনীতি করতে হলে সুষ্ঠু রাজনীতি করুন জনগণের রাজনীতি করুন।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

