কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩) হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক অস্ত্র মামলায় ১৩ জনকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
রায়ে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় ৫ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি খুরশিদ আলম চৌধুরী।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযানে গেলে সশস্ত্র ডাকাত দলের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। পরে তিনি মারা যান।
ঘটনার পর ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও হত্যার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৯ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, মোর্শেদ আলম এবং একই এলাকার রিংভং ছগিরশাহ কাটা এলাকার নুরুল আমিন। এদের মধ্যে মোর্শেদ আলম পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জালাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হাকিম, মো. আরিফ উল্লাহ, জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, এনামুল হক, মোহাম্মদ এনাম, মোহাম্মদ কামাল ও আবদুল করিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশিদ আলম চৌধুরী বলেন, দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত বিশ্লেষণ শেষে আদালত এ রায় দেন। একই সঙ্গে অস্ত্র মামলার রায়ও ঘোষণা করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল এহেছান বলেন, এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রায় ঘোষণার সময় ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে ছিলেন, আর মোর্শেদ আলম পলাতক রয়েছেন।
লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন লাভ করে আর্মি সার্ভিস কোরে (এএসসি) যোগ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

