গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। জেলা শহর আজ কার্যত তাদের দখলে ছিল। বেলা ১১টায় জেলা সদরের আশপাশের এলাকা থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকে।
পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দুপুর ১২টার দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে প্রবেশ করে।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেয়। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই মিছিলে অংশ নেয়। এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপার শপের গ্লাস ভাঙচুর করা হয়। শহরের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালানো হয়। বেলা দেড়টায় মিছিলকারীরা যার যার অবস্থানে ফিরে যায়।
অন্যদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে পূর্বের নাম জয় বাংলা চত্বর নামে সাইনবোর্ড লাগায়।
এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানো হয়। বিশেষ করে শহরের লঞ্চঘাট এলাকা, বাজার এলাকা, কোর্ট এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়। সব মিলিয়ে জেলা শহর ছিল উত্তেজনা। জনমনে ছিল ব্যাপক আতঙ্ক। মিছিলকে কেন্দ্র করে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বেলা দেড়টার দিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

