গত ২১ বছরে তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫৩ গুণ বেড়েছে। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আঙ্কারায় কাতারের বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল-সায়েদের সঙ্গে বৈঠকের পর তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এসব কথা বলেন।
তুরস্ক ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তুরস্কের বাণিজ্যমন্ত্রী সোমবার এ লক্ষ্য ঘোষণা করেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপকে সামনে রেখে নির্মাণকাজের কারণে দুই দেশের বাণিজ্য একসময় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত উঠেছিল। এখন বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (টিইপিএ) মাধ্যমে বাণিজ্য আরও বাড়ানোর আশা করছে দুই দেশ। চুক্তিটি গত বছর কার্যকর হয়েছে।
কাতারে তুরস্কের নির্মাণ প্রতিষ্ঠানগুলোরও বড় উপস্থিতি রয়েছে। বোলাত জানান, দেশটির তুর্কি ঠিকাদাররা কাতারে মোট ২০৬টি প্রকল্পে প্রায় ২১ বিলিয়ন ডলারের কাজ করেছে। অন্যদিকে কাতারের প্রায় ২৫০টি কোম্পানি তুরস্কে মোট ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এসব বিনিয়োগের মধ্যে অর্থ, ব্যাংকিং, জ্বালানি, লজিস্টিকস, গণমাধ্যম ও কৃষি খাত রয়েছে।
এদিকে কাতারে প্রায় ১ হাজার ১১৬টি তুর্কি কোম্পানি নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে কাজ করছে।
হরমুজ সংকটে বিকল্প বাণিজ্যপথ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনে বাধা তৈরি হওয়ায় বিকল্প বাণিজ্যপথের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন বোলাত। তিনি বলেন, শুধু সমুদ্রপথ ও হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প পথ তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
তুরস্ক বর্তমানে কাতারসহ উপসাগরীয় দেশগুলোর ভোক্তা পণ্যের চাহিদা পূরণে কাজ করছে। সৌদি আরবের সঙ্গে কার্যকর হওয়া একটি ট্রানজিট পরিবহন চুক্তির আওতায় তুরস্কের পণ্যবাহী যান সিরিয়া, জর্ডান ও সৌদি আরব হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাচ্ছে। ইরাক ও সৌদি আরব হয়েও পণ্য পরিবহন করা হচ্ছে।
বোলাত বলেন, ভবিষ্যতে এসব বিকল্প ট্রানজিট ও বাণিজ্য করিডোর আরও শক্তিশালী ও স্থিতিশীল করার জন্য তুরস্ক ও কাতার একসঙ্গে কাজ করবে।
এদিকে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি তুরস্কে তাদের বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন কাতারের প্রতিনিধি। এ বিষয়ে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বোলাত।
দুই দেশের মধ্যে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের অক্টোবরে তুরস্ক-কাতারের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির বৈঠকেও নিকট ভবিষ্যতে এই লক্ষ্যে পৌঁছানোর কথা পুনর্ব্যক্ত করা হয়েছিল।
সূত্র: ডেইলি সাবাহ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


