জিপিএ-৫ পেয়েছে ৬৮৮ জন

ঢাকা কলেজের এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.৩৮%

ঢাকা কলেজের এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.৩৮%

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা কলেজ থেকে মোট ১ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৯৯.৩৮ শতাংশ।

বিজ্ঞাপন

শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে। কলেজ কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৮৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮৫৪ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৪১ জন। মানবিক বিভাগ থেকে ১৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৪৬ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন।

ফলাফলে নিজেদের অনুভূতি প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেন, ‘বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন ছিল। এরপরও জিপিএ-৫ অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোতে পরীক্ষার কেন্দ্রগুলোতে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিল। এর পাশাপাশি বন্যা পরিস্থিতির মধ্যেই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম।’

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘গতবারের তুলনায় আমাদের পাসের হার কিছুটা বেড়েছে। গতবার ঢাকা কলেজে পাসের হার ছিল ৯৯.২৯ শতাংশ, এবার তা বেড়ে ৯৯.৩৮ শতাংশ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে সারা বাংলাদেশে পাসের হার ও জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। সেই প্রেক্ষিতে আমাদের ফলাফল আরও ভালো হতে পারত।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই শিক্ষার্থীরা গত ৫ আগস্টের পর বিভিন্ন কারণে নানা অস্থিরতার মধ্যে ছিল, তবুও কলেজ কর্তৃপক্ষ ভালো ফলাফলের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।’

এর আগে শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন