সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে সংবর্ধনা দিয়েছে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন।
রোববার ইউজিসি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পদে তার নির্বাচিত হওয়া বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন। স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. মহিবুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।
সংবর্ধনার জবাবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়া তার জন্য সম্মানের। তিনি এ দায়িত্বকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণায় সহযোগিতা এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একাডেমিক সম্পর্ক আরো জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, যৌথ গবেষণা কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণে তিনি উদ্যোগ নেবেন। দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ অর্জনে আঞ্চলিক সহযোগিতাকে আরো কার্যকর ও ফলপ্রসূ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের ১৬তম সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে দুই বছর মেয়াদে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ পদে তিনি শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


