প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।
এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও জাতির কল্যাণে অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে আসছে। দেশের প্রিন্ট মিডিয়ায় পত্রিকাটির ভূমিকা অনন্য।
বিবৃতিতে তারা বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়ে পত্রিকাটি দীর্ঘ সময় বন্ধ ছিল। বর্তমানে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে পত্রিকাটি। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে তারা লক্ষ্য করছেন, কোনো কোনো স্বার্থান্বেষী মহল এ অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন, যা গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এ ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


