শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
তার সফর ঘিরে রংপুর নগরীসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণে সৈয়দপুর থেকে রংপুর মহানগর পর্যন্ত সাজসাজ রব ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

রংপুর মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জিয়া সংসদসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের পাশাপাশি ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন।
জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানযোগে সকাল ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বেলা সাড়ে ১২টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সামরিক বিমানযোগে রাজশাহী ও পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

