নাইন-ইলেভেনের ২৫ বছর, ট্রাম্পের ছয়টি বিভ্রান্তিকর দাবি

নাইন-ইলেভেনের ২৫ বছর, ট্রাম্পের ছয়টি বিভ্রান্তিকর দাবি

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী সামনে রেখে ওই ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্য আবারও আলোচনায় এসেছে। হামলার পর থেকে ট্রাম্প ৯/১১ নিয়ে বেশ কিছু অতিরঞ্জিত ও অসত্য দাবি করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসে হামলার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যও এমন দাবির মধ্যে পড়েছে।

ট্রাম্পের এমন ছয়টি দাবির কথা তুলে ধরা হয়েছে, যেগুলোকে প্রতিবেদনটি মিথ্যা বা তথ্যগতভাবে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

বিজ্ঞাপন

প্রথমত, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার পর তার ৪০ ওয়াল স্ট্রিট ভবনটি ম্যানহাটনের ডাউনটাউনের সবচেয়ে উঁচু ভবন হয়ে গিয়েছিল বলে ট্রাম্প দাবি করেছিলেন। হামলার কিছুদিন পর স্থানীয় এক টেলিভিশন উপস্থাপকের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বলেন, আগে তার ভবনটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার পর সেটিই সবচেয়ে উঁচু হয়ে যায়। কিন্তু এটি সঠিক নয়; কাছেই অবস্থিত ৭০ পাইন স্ট্রিট তখনও ৪০ ওয়াল স্ট্রিটের চেয়ে উঁচু ছিল।

দ্বিতীয়ত, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপ সরানোর কাজে তিনি নিজেও অংশ নিয়েছিলেন বলে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন। ২০১৬ সালে নির্বাচনি প্রচারের সময় তিনি বলেন, যারা ধ্বংসস্তূপ পরিষ্কারে সাহায্য করেছিলেন, তিনি তাদের সঙ্গে সেখানে ছিলেন এবং কিছুটা সাহায্য করেছিলেন। কিন্তু ২০১৯ সালে পলিটিফ্যাক্টের সঙ্গে কথা বলা নিউইয়র্ক সিটি ফায়ার বিভাগের একজন ব্যাটালিয়ন প্রধান ট্রাম্পের পক্ষ থেকে কোনো কর্মী সেখানে পাঠানোর কথা মনে করতে পারেননি।

তৃতীয়ত, ২০০১ সালের হামলার দিন নিউ জার্সির জার্সি সিটিতে ‘হাজার হাজার’ মুসলিম-আমেরিকানকে হামলার ঘটনায় উল্লাস করতে দেখেছিলেন বলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন। কিন্তু বিভিন্ন তথ্য-যাচাইয়ের পরও এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

চতুর্থত, ২০১৯ সালে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়েও ট্রাম্প বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিলেন। তিনি এমন একটি ভিডিও পুনঃপ্রচার করেছিলেন, যেটি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে ওমর ৯/১১-এর বার্ষিকীতে নাচছিলেন। কিন্তু ভিডিওটির ঘটনা ১১ সেপ্টেম্বরের ছিল না। ওমর কংগ্রেসের ব্ল্যাক ককাস আয়োজিত একটি অনুষ্ঠানে নাচছিলেন এবং সেটি ৯/১১-এর দিনে অনুষ্ঠিত হয়নি।

পঞ্চমত, ২০০০ সালে প্রকাশিত নিজের বই ‘দ্য আমেরিকা উই ডিজার্ভ’-এ ওসামা বিন লাদেনের নাম উল্লেখ করার বিষয়টিকে পরবর্তী সময়ে ৯/১১ হামলার পূর্বাভাস হিসেবে উপস্থাপন করেছেন ট্রাম্প। ২০১৮ সালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, হামলার অনেক আগে তার বইয়ে তিনি বিন লাদেনের কথা উল্লেখ করেছিলেন। ২০০০ সালের মধ্যে বিন লাদেন যুক্তরাষ্ট্রের কাছে অপরিচিত ব্যক্তি ছিলেন না। ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার পর আল-কায়েদার এই নেতা ইতোমধ্যেই ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

ষষ্ঠত, ট্রাম্প এমন কথাও বলেছেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন ধসে পড়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী ঘিরে যুক্তরাষ্ট্রে আবারও ওই দিনের ঘটনা ও তার পরবর্তী রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কে হামলার স্মরণানুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে হামলায় নিহত ব্যক্তি, উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্তদের স্মরণ করা হচ্ছে।

ট্রাম্পের এসব বক্তব্যকে দীর্ঘ সময় ধরে তার ৯/১১ স্মৃতিচারণের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এসব বক্তব্যের কিছু ক্ষেত্রে তিনি ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ঘটনাগুলোকে অতিরঞ্জিত করেছেন বা ভুলভাবে উপস্থাপন করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান ও সিবিএস নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন