খুদে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে ফতুল্লায় ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

খুদে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে ফতুল্লায় ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতার বিকাশ এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে ফতুল্লার ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসনের অর্থায়ন ও ভাবনায় প্রতিষ্ঠিত এই পাঠাগারে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নানা ধরনের জ্ঞানমূলক, ছড়ার বই, গল্প ও সহশিক্ষামূলক বই পড়ার সুব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের নিয়মিত বই পড়ার প্রতি আকৃষ্ট করতে পুরো পাঠাগারটি সুদৃশ্য, রঙিন ও নান্দনিক সাজে সাজানো হয়েছে। যাতে শিক্ষার্থীরা অবসর সময়কে আনন্দময় ও গঠনমূলক কাজে ব্যয় করতে পারে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুদের জ্ঞান, মননশীলতা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধের বিকাশে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ মডেলটি পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে।

সচেতন মহল ও শিক্ষাবিদরা বলছেন, স্মার্টফোন ও স্ক্রিননির্ভর আধুনিক বিনোদনের যুগে শিশুদের বইমুখী করতে বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ সময়োপযোগী। শৈশব থেকেই নিয়মিত বই পড়ার চর্চা গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানমনস্ক, সৃজনশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন